1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বুধবার, ৫ মে, ২০২১

টি২০ বিশ্বকাপও হারাচ্ছে ভারত, হতে পারে আরব আমিরাতে


করোনার প্রকোপে আইপিএল বন্ধ হয়ে গেছে। এবার টি২০ বিশ্বকাপও হাতছাড়া হতে চলেছে ভারতের। ক্রিকেট বোর্ড আইপিএল বন্ধ করার সঙ্গে সঙ্গেই জানিয়ে দেওয়া হয়েছে, বিশ্বকাপ আয়োজনের সময়ে ভারতে করোনার তৃতীয় ধাক্কা আসতে চলেছে। সে সময়ে কোনো দলই এদেশে আসতে স্বচ্ছন্দ বোধ করবে না।

ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, এখনো বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে টি২০ বিশ্বকাপের আয়োজনের বিষয়ে কিছু জানায়নি। তবে আইপিএলের মতো সুরক্ষিত আসরও করোনার শিকার হওয়ায় টি২০ বিশ্বকাপের আয়োজন নিয়ে আত্মবিশ্বাসী নয় বোর্ড।

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ কিছু কর্মকর্তার সঙ্গে বোর্ডের আলোচনা হয়েছে। সেখানে সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করার বিষয়ে দুপক্ষই একমত হয়েছে।

বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন, ‘আইপিএল চার সপ্তাহের পরেই বন্ধ করার অর্থ বিশ্বমানের এক ইভেন্ট আয়োজন করা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। গত ৭০ বছরের মধ্যে এই সময়েই সব থেকে ভয়ানক স্বাস্থ্য সঙ্কটের মোকাবিলা করছে বোর্ড। নভেম্বরে কোভিডের তৃতীয় ঢেউ আসার সম্ভাবনা রয়েছে। তাই বিসিসিআই আয়োজক থাকলেও, ইভেন্ট ইউএই-তে আয়োজন করা হতে পারে।’

প্রসঙ্গত, মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে কিছুদিন আগেই জানিয়েছেন, বিশেষজ্ঞরা নভেম্বরে আরো একবার কোভিডের ঝড়ের পূর্বাভাস করছেন। ভারতে গত কয়েক সপ্তাহ ধরেই কোভিডে তিন লাখের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। তাই বৈশ্বিক টুর্নামেন্টে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে কোনোরকম ঝুঁকি নিতে চায়না বোর্ড।

বোর্ড কর্মকর্তারা বলেছেন, ‘পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক না হলে আগামী ছয় মাসে কোনো দেশই ভারতে পা রাখতে চাইবে না। নতুন করে কোভিড ঢেউয়ের মধ্যে ক্রিকেটারদের সঙ্গে তাঁদের পরিবাররাও উদ্বিগ্ন থাকবেন। তাই বিসিসিআই গোটা টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করতে পারে।’

ভারত যে বিশ্বকাপ আয়োজনের জন্য নিরাপদ সে বার্তা দিতেই এবার আইপিএল আয়োজন করা হচ্ছিল। তবে আইপিএলের নিরাপদ সুরক্ষা বিঘ্নিত হওয়ায় বিদেশে টুর্নামেন্ট আয়োজন করা ছাড়া আর কোনো উপায় নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet