Joyanta Goswami
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
নিজস্ব প্রতিবেদক: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সিলেটের দক্ষিণ সুরমায় দুই দিনব্যাপী বর্ণাঢ্য উৎসবের আয়োজন করা হয়েছে।

সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ, দক্ষিণ সুরমা উপজেলা ও সিলেট সিটি করপোরেশনের ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আগামীকাল ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার ও ৪ সেপ্টেম্বর শুক্রবার এ উৎসব অনুষ্ঠিত হবে।

শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ আবির্ভাব তিথি স্মরণে আয়োজিত এ উৎসবকে ঘিরে ইতোমধ্যে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। দুই দিনব্যাপী বিভিন্ন ধর্মীয়, সাংস্কৃতিক ও প্রতিযোগিতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানসূচি অনুযায়ী, ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দক্ষিণ সুরমার শিববাড়ি মন্দির প্রাঙ্গণে সকাল ১০টায় নগর পরিক্রমা, সকাল ১১টায় পদাবলী কীর্তন, দুপুর ১টায় গীতা প্রতিযোগিতা, দুপুর ২টায় মহাপ্রসাদ বিতরণ এবং দুপুর ২টা ৩০ মিনিটে ভক্তিমূলক গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
৪ সেপ্টেম্বর শুক্রবার দক্ষিণ সুরমার নাজিরপুরের চান্দাই এলাকায় শ্রীশ্রী রাধা গোবিন্দ জিউ আখড়ায় সন্ধ্যা ৭টায় ধর্মসভা অনুষ্ঠিত হবে। রাত ৮টায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। এরপর রাত ১২টা ১ মিনিটে পার্থ সারথী ভগবান শ্রীকৃষ্ণের শুভ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, নারী-পুরুষ নির্বিশেষে সবার সক্রিয় সহযোগিতা ও অংশগ্রহণে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন করা হবে।
উৎসবের সকল কর্মসূচি সফল করতে সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন তারা।
আয়োজনে: সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ, দক্ষিণ সুরমা উপজেলা ও সিসিকের ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড।