নিউজ পয়েন্ট সিলেট
মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, জেদ্দা থেকে রোববার (১৯ এপ্রিল) সকাল ৮টায় ঢাকায় আসা বিমানটি ছিল ড্রিমলাইনার মডেলের। ২৫৪টি আসনের ফ্লাইটে একমাত্র যাত্রী ছিলেন শাহীন রেজা।
বিমানবন্দরে শাহীন রেজা বলেন, আমি সৌদি আরবের মক্কায় একটা স্কুলে চাকরি করি। প্রতি বছর রমজান মাসে স্কুল দুই মাসের ছুটি থাকে। সেই ছুটিতেই দেশে ফিরি। কিন্তু গত বছরের রমজানে করোনার কারণে দেশে ফিরতে পারিনি, তাই এবার আসার পরিকল্পনা করি। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) আমি বিমানের একটি টিকিট কাটি, তখনও বাংলাদেশে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ। লকডাউনে এই ফ্লাইটও মিস হতে পারে এটি জেনেও টিকিট কিনে রেখেছি।
তিনি আরো বলেন, এজেন্টের মাধ্যমে টিকিট কেনার পর আমি বিমানের সৌদি অফিসে যাই। সেখানে আমাকে বাংলাদেশে ফিরে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি জানানো হয়। কোয়ারেন্টাইনে যেতে আমার সমস্যা নেই বলে জানাই। এ মর্মে একটি কাগজে সইও করি।
এরপর রোববার (১৮ এপ্রিল) জেদ্দার বিমানবন্দরে গিয়ে উপস্থিত হই। সেখানে বিমানের পক্ষে চেক-ইন কাউন্টারে ছিলেন দুইজন সৌদি নাগরিক। তারা আমাকে বলেন, তুমি অনেক ভাগ্যবান, একা অত বড় ফ্লাইটে যাবে।
এত বড় ফ্লাইটে একা থাকার অভিজ্ঞতা জানতে চাইলে শাহীন রেজা বলেন, আমি প্লেনে প্রবেশ করতেই বিমানবালারা আমাকে আমন্ত্রণ জানান, আমি সামনের আসনে বসলাম। সাধারণত এ রুটের ফ্লাইটে একবার খাবার পরিবেশন করা হয়। তারা আমাকে দুই বার খাবার পরিবেশন করেন। বার বার জিজ্ঞেস করেন আমার কিছু লাগবে কি না? সব মিলে অভিজ্ঞতাটা চিরস্মরণীয় হয়ে থাকবে।