নিউজ পয়েন্ট সিলেট
শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১
দলের নাম ব্যবহার করে কেউ অপকর্মের সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলে ফ্রি স্টাইলে কোনো কিছুই করা যাবে না বলে নেতাকর্মীদের হুঁশিয়ারি দেন তিনি।
শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের মহিলা বিষয়ক উপ-কমিটির পরিচিতি সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
নবনিযুক্ত উপ-কমিটির নেতাদের দলের শৃঙ্খলা ও নিয়মকানুন মেনে রাজনীতি করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, যারা অনিয়মের সাথে জড়িত থাকবেন তাদের বাদ দিতে হবে। ফ্রি স্টাইলে কোনো কিছুই করা যাবে না। একজন ব্যক্তি একাধিক কমিটিতে থাকতে পারবেন না। আগে যদি কোনো সহযোগী বা অন্য কোনো কমিটিতে নাম থাকে, তাহলে পদত্যাগ করে আসতে হবে।
তিনি বলেন, ৭৫ পরবর্তী সময়ে নারীবান্ধব সরকার হচ্ছে শেখ হাসিনার সরকার। সাম্প্রতিক সময়ে নারী অবমাননাকারীদের বিরুদ্ধে শেখ হাসিনা কঠোর ভূমিকা নিয়েছেন এবং আওয়ামী লীগে তাদের দরজা চিরকালের জন্য বন্ধ করে দিয়েছেন।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবারও কঠোর হুঁশিয়ার দিয়ে বলেন, যারা দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন এবং এখনও মাঠে আছেন তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের অবস্থান স্পষ্ট। বিদ্রোহীদের যারা মদদ অথবা উস্কানি দিচ্ছেন তাদেরও একই শাস্তি পেতে হবে। বিদ্রোহী ও উস্কানিদাতারা অনতিবিলম্ব সরে দাঁড়ান, না হয় দল কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেবে।
এর আগে মহিলা উপকমিটির নেতারা ঐতিহাসিক ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।