নিউজ পয়েন্ট সিলেট
বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
ওয়েব সিরিজে দিতিপ্রিয়ার বিপরীতে থাকছেন ঋত্বিক চক্রবর্তী। সিরিজের নাম ঠিক করা হয়েছে ‘মুক্তি’। এটি পরিচালনা করবেন রোহান ঘোষ। প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে ঋত্বিক-দিতিপ্রিয়াকে। তাদের সঙ্গে থাকছেন অর্জুন চক্রবর্তীও।
গল্পে অসম বয়সী এক দম্পতিকে দেখা যাবে। নিজের চরিত্রটি প্রসঙ্গে দিতিপ্রিয়া আনন্দবাজারকে বলেন, ‘খুবই সুন্দর একটা জুটির গল্প। ঘটনাচক্রে তাদের বিয়ে হয়। ওই সময়েও মেয়েটি বেশ আধুনিক। সে ইংরেজি পড়তে চায়, রান্না করতে চায় না। তার স্বামী জেলের কাজকর্ম শেষে বাড়ি ফিরে রান্না করে। এই রকম একটা পিরিয়ড পিসে কাজ করার জন্য খুবই উত্তেজিত।’
ওয়েব সিরিজে অভিনয় প্রসঙ্গে এক সাক্ষাৎকারে ঋত্বিক বলেন, ‘অনেক সুযোগ আসছিল। কিন্তু মনের মতো চরিত্র পাচ্ছিলাম না বলেই এত দিন ওয়েবে কাজ করিনি। এই সিরিজ়ের চরিত্রটা নিয়েও আমি ভীষণ উত্তেজিত। ব্রিটিশ জেলারের ভূমিকায় অভিনয় করব। প্রাক স্বাধীনতা পিরিয়ডের এই গল্পের স্টোরিলাইন মন ছুঁয়ে গেছে। বাংলায় এই রকম ওয়েব সিরিজ় এর আগে হয়নি।’
শিশুশিল্পী হিসেবে অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন দিতিপ্রিয়া। ‘মা’, ‘দুর্গা’, ‘অপরাজিতা’, ‘ব্যোমকেশ’, ‘বামখ্যাপা’, ‘তোমায় আমায় মিলে’, ‘তারে অমি চোখে দেখিনি’ ইত্যাদি সিরিয়ালে অভিনয় করেছেন তিনি।
বড়পর্দায় তার অভিষেক হয় সৃজিত মুখার্জির মাধ্যমে। ২০১৫ সালে ‘রাজকাহিনী’ সিনেমায় অভিনয় করেন দিতিপ্রিয়া। ২০১৭ সালে ‘করুণাময়ী রানি রাসমনি’ সিরিয়ালে অভিনয় করেন তিনি। এক হাজারেরও বেশি পর্ব প্রচার হয়েছে এটির। শোনা যাচ্ছে, বলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন দিতিপ্রিয়া। বব বিশ্বাসের সিনেমায় অভিনয় করবেন তিনি।