নিউজ পয়েন্ট সিলেট
বুধবার, ১৪ জুলাই, ২০২১
স্বাস্থ্যবিধি মেনে নৌযানে চলাচল করতে যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি জানিয়েছেন, লঞ্চে যাত্রীদের শতভাগ মাস্ক পরিধান করা নিশ্চিত করা হবে। স্বাস্থ্যবিধি মেনে না চললে এবং মাস্ক পরিধান না করলে যাত্রীদের জরিমানা করা হবে।
প্রতিমন্ত্রী বুধবার (১৪ জুলাই) রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন।
এ সময় তিনি সদরঘাটের লঞ্চ টার্মিনালের উন্নয়ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সবুজায়ন দেখে সন্তোষ প্রকাশ করে বলেন, এটা (লঞ্চ টার্মিনাল) হযরত শাহজালাল বিমানবন্দরের মতোই হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এসব উন্নয়ন হয়েছে।
টার্মিনালে লঞ্চ পরিদর্শন শেষে তিনি বলেন, লঞ্চের কেবিন যাত্রীদের স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সমস্যা হবে না। ডেকের যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে বিআইডব্লিউটিএ, লঞ্চ মালিক-শ্রমিক, আইনশৃঙ্খলা বাহিনী পদক্ষেপ নেবে।
এ সময় অন্যদের মধ্যে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক উপস্থিত ছিলেন।