নিউজ পয়েন্ট সিলেট
সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
চলমান লকডাউন আরও ৭ দিন তথা আগামী ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ছে। করোনা সংক্রমণ রোধে একই শর্তে এই সিদ্ধান্ত আসছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই কথা জানান তিনি।
এর আগে একই বিষয়ে চিন্তা-ভাবনা শুরু হয়েছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেই সঙ্গে ঈদের বাড়ি ফেরার আভাসও দেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ঈদে লকডাউন শিথিলের চিন্তা-ভাবনা চলছে। জীবন ও জীবিকার তাগিদেই সরকার এই সিদ্ধান্ত নেবে বলে জানান ওবায়দুল কাদের।
এদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘কোভিড-১৯ বিষয়ক জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি লকডাউনের মেয়াদ আরও সাতদিন বাড়ানোর সুপারিশ করেছে। সাইন্টিফিক্যালি তো ১৪ বা ১৫ দিন লকডাউন না হলে সংক্রমণের চেইনটা পুরোপুরি ভাঙা সম্ভব হয় না। সেই পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত হয়েছে আগামী ২২ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত আগের শর্ত মেনে লকডাউন কন্টিনিউ (অব্যাহত) করবে। বিধিনিষেধ আরও সাতদিন বাড়ল।’
তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সামারি পাঠানো হয়েছে। তিনি অনুমোদন দিলে প্রজ্ঞাপন জারি হয়ে যাবে। আজকেও প্রজ্ঞাপন জারি হতে পারে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘তবে এর মধ্যে কঠোর স্বাস্থ্যবিধিটা মানার অভ্যাস গড়ে তুলতে হবে। মাস্ক পরার অভ্যাসটা সবাইকে গড়ে তুলতে হবে। যতদিন না স্থায়ী সমাধান হচ্ছে ততদিন প্রত্যেক ব্যক্তিকে বাইরে আসলে মাস্ক পড়তে হবে। আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের অবস্থা দেখছি। স্বাস্থ্যবিধি মানলেই আমরা এটা ম্যানেজ করতে পারব।’