নিউজ পয়েন্ট সিলেট
শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
ভারতে গড়ে উঠছে বিজেপি বিরোধী মহাজোট। নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় আর সোনিয়া গান্ধীর নাম। আগামী সপ্তাহেই নয়াদিল্লিতে এই দুই নেত্রীর বৈঠকে চূড়ান্ত হবে বিষয়টি। যা নিয়ে এখন ভারতের রাজনীতিতে চলছে জোর আলোচনা। কোভিড নিয়ন্ত্রণে ব্যর্থতা, ভুয়া ভ্যাকসিন কাণ্ড, অর্থনৈতিক অচলাবস্থার অভিযোগে ভারতজুড়ে তীব্র হয়েছে নরেন্দ্র মোদির বিরোধিতা। এ অবস্থায় গেরুয়া নেতাদের মিথ্যাবাদী বলে আখ্যা দিয়েছেন মমতা।
ভারতে জুলাইয়ের শুরুতে ব্যর্থতার দায় মাথায় নিয়ে পদত্যাগ করতে হয়েছে একঝাঁক মন্ত্রীকে। কোভিড মোকাবিলায় ব্যর্থতা, দেশব্যাপী টিকা কার্যক্রম শুরু হলেও ভুয়া টিকাকাণ্ডে দুর্নাম, তেলের মূল্য বৃদ্ধি, দীর্ঘদিনের অর্থনৈতিক দুরবস্থার জন্য অভিযুক্ত নরেন্দ্র মোদি প্রশাসন। এ অবস্থায় মোদি বিরোধী মনোভাব তীব্র হচ্ছে।
মমতা ও বিরোধী নেতানেত্রীদের জোট যখন গঠনের দ্বারপ্রান্তে তখন রাজ্যে রাজ্যে বিভিন্ন সভা সেমিনারে নিজেদের সাফল্যের কথা তুলে ধরছেন বিজেপি নেতারা।